ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংগ্রহশালায় এবার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে জুতা পেটার একটি ছবি টাঙানো হয়েছে। এর আগে ডাকসুতে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে এ ছবি প্রদর্শন করা হলো।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি সংগ্রহশালায় টাঙানো হয়। ছবিটি লাগিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।
সংগ্রহশালায় প্রদর্শিত ছবিটির নিচে দেওয়া ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে নিহত দুই বাংলাদেশির জানাজায় অংশ নিতে গিয়ে উপস্থিত মুসল্লিদের হাতে গোলাম আযম জুতাপেটার শিকার হন।
ছবিটি কেন সংগ্রহশালায় টাঙানো হয়েছে এ বিষয়ে অর্ক বড়ুয়া বলেন, ডাকসুর সংগ্রহশালা বাংলাদেশের জনগণের আন্দোলন-সংগ্রাম ও ঐতিহাসিক ঘটনাবলির স্মারক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য রয়েছে।
তিনি বলেন, সম্প্রতি ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নিজের ইচ্ছায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সেখানে টাঙিয়েছেন বলে জানিয়েছেন। সেই প্রেক্ষাপটেই নিজের ইচ্ছায় গোলাম আযমকে জুতা পেটার ছবিটি তিনি সেখানে সংযুক্ত করেছেন।
অর্ক বড়ুয়ার ভাষ্য, জনগণের সংগ্রাম ও দেশের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা সংগ্রহশালায় তুলে ধরার সুযোগ থাকা উচিত। সেই বিবেচনা থেকেই ছবিটি সেখানে টাঙানো হয়েছে বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস