ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অপরাধ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নগরীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ডিএমপি কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত পুলিশি নজরদারি নিশ্চিত করতে দায়িত্ব ও ডিউটি এমনভাবে বণ্টন করতে হবে, যাতে কোনো স্থান নিরাপত্তার দিক থেকে অরক্ষিত না থাকে।
রাজধানীর বিভিন্ন আবাসিক ও অন্যান্য হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেন তিনি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত অতিথিদের তালিকা সংগ্রহ এবং তা প্রয়োজনের সময় দ্রুত ব্যবহারের উপযোগী রাখার জন্য সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঢাকার বাইরে থেকে অপরাধীরা যাতে রাজধানীতে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারের কথাও বলেন ডিএমপি কমিশনার। প্রয়োজনে ব্লক চেকসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।
সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন মোসলেহ্ উদ্দিন আহমদ। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং পাওয়া তথ্য দ্রুত মাঠপর্যায়ে কাজে লাগানোর নির্দেশনাও দেন তিনি।
সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস