নেত্রকোণা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে গণঅধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজী। তিনি বলেন, “এনসিপির আদর্শ, ন্যায়নীতি ও সার্বিক রাজনৈতিক কর্মসূচি আমাদের আকৃষ্ট করেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্রদের নিয়ে গঠিত এই দলটি আমাদের নতুন আশার জায়গা তৈরি করেছে।”
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক প্রীতম সোহাগ বলেন, “সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নেত্রকোণায় বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান আমাদের আন্দোলনকে আরও গতিশীল করবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে এনসিপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা দলের সদস্য ফরম পূরণ করেন এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।