আগুনে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো: নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুথের ভেতরে রাখা বেঞ্চ, ফ্যান ও বৈদ্যুতিক লাইট আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'