চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।
পরিবারের সদস্যদের অভিযোগ, জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করেছে। তবে স্থানীয়দের দাবি, ঝগড়ার একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন দাদা প্রতিপক্ষের সন্তান ভেবে ভুল করে নিজ নাতিকে আছাড় দেন।
নিহত শিশুর দাদি জোৎসা আরা বেগম অভিযোগ করে বলেন, তাদের জায়গায় জোর করে ঘর তুলতে গেলে তিনি বাধা দিলে দ্বীন ইসলাম, আনিছ ও তার স্ত্রী তাকে মারধর করে। পরে তারা তার মানসিক ভারসাম্যহীন স্বামীকে মারার উদ্দেশ্যে বাড়িতে আসে। তাকে না পেয়ে তারা তার নাতিকে আছাড় দিয়ে হত্যা করে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে নিহত শিশুর দাদা মোস্তফা ভূঁইয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনোই নিজের নাতিকে হত্যা করতে পারেন না এবং দ্বীন ইসলামই শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করেছে বলে দাবি করেন।
এ ঘটনায় আটক মাহফুজের স্ত্রী আয়েশা বলেন, দুই পরিবারের মধ্যে ঝগড়া হলেও ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। পুলিশ এসে তার স্বামী ও শাশুড়িকে আটক করে নিয়ে গেছে বলে জানান তিনি।
ঘটনার পর জোরারগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজ, রহিমা ও বাদশা নামে তিনজনকে আটক করেছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, পারিবারিক কলহের জেরে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।