খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনার উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ছাড়া নৌ ও সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে রাকিব পাশের একটি দোকান থেকে সিগারেট কিনে নিকটবর্তী একটি সেলুনে অবস্থান করছিলেন। এ সময় দুজন যুবক তাকে সেলুন থেকে টেনে বের করে মাথায় দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত রাকিব হোসেন লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মাদকসহ মোট তিনটি মামলা রয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।