সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন, এসআই মো. টিটুল হোসাইন, এসআই ইয়াকুব আলীসহ ডিবির একটি চৌকস দল।
গ্রেফতাররা হলেন: মো. ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মো. মনির হাওলাদার (৪২)। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি মো. জরিফ মিয়া ওরফে কালা জরিফের হাসনাবাদ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার ও দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। এছাড়া ১২ রাউন্ড গুলির মধ্যে একটি ৯ এমএম এবং ১১টি ৭.৬৫ ক্যালিবারের গুলি রয়েছে।
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে পলাতক আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/ইস্পাহানী ইমরান