জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম ফুটবল প্রতীকের পক্ষে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে মেষ্টা, কালীবাড়ি বাজার, হাসিল বটতলা, হাজিপুর বাজারসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময় করে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে মাসুদ ইব্রাহীম বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল প্রতীকে বিজয়ী হলে জামালপুর সদর আসনের পৌরসভা ও ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হবে। এর মধ্যে নতুন শিল্পকারখানা স্থাপন, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জনগণের নাগরিক অধিকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।
এছাড়া নারীর অধিকার ও ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং একটি আধুনিক ও অগ্রসর জামালপুর সদর উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে মাসুদ ইব্রাহীম বলেন, দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও একটি করে মূল্যবান ভোট কামনা করেন তিনি।