ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও প্রশাসনের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার লাখো মার্কিন নাগরিক রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। ‘নো কিংস’ বা ‘আমাদের কোনো রাজা নেই’ স্লোগানকে সামনে রেখে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের তিন হাজার দুইশোর বেশি শহরে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে ইতোমধ্যে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছেন। আয়োজকদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে অনুষ্ঠিত সবচেয়ে বড় অহিংস প্রতিবাদ হতে যাচ্ছে।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিচার বিভাগের ওপর ট্রাম্পের প্রভাব বৃদ্ধি এবং কেন্দ্রীয় সংস্থাগুলোতে বড় ধরনের পরিবর্তনের প্রতিবাদে ‘নো কিংস’ আন্দোলনের সূচনা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যা মার্কিন সংবিধানের পরিপন্থী।

গত বছরও ‘নো কিংস’ স্লোগানকে কেন্দ্র করে দেশজুড়ে দুটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন। সময়ের সঙ্গে সঙ্গে এই স্লোগানই আন্দোলনের নাম হিসেবে পরিচিতি পেয়েছে।

এই আন্দোলনের নেতৃত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নেই। ‘ইন্ডিভিজিবল’ নামের একটি প্ল্যাটফর্ম এ আন্দোলনের সূচনা করলেও বিভিন্ন প্রগতিশীল সংগঠন, নাগরিক অধিকার প্ল্যাটফর্ম এবং যুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে নেতৃত্ব দিচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবারের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। হামলার এক মাস পূর্তির দিনটিকেই বিক্ষোভের জন্য নির্ধারণ করেছেন আয়োজকেরা। তাঁদের মতে, এই যুদ্ধ অবৈধ ও বিপর্যয়কর, যা যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

ইন্ডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ জানান, এবার ছোট ছোট শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যা এই কর্মসূচির বিশেষ দিক। আইডাহো, ওয়াইমিং ও ইউটাহর মতো রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর একাধিক শহরেও বিক্ষোভ হচ্ছে।

তবে এসব বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বিক্ষোভকে ‘ট্রাম্পবিরোধীদের মানসিক উন্মাদনা নিরাময়ের চিকিৎসা’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন মনে করছে, এই গণজোয়ারের মুখে প্রশাসনকে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হতে পারে।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার আগে এই বৃহৎ বিক্ষোভ ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

শিল্পীদের নীরবতা ভাঙার আহ্বানও উঠে এসেছে আন্দোলনের অংশ হিসেবে। শুক্রবার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সামনে মার্কিন শিল্পী, সাংবাদিক ও লেখকদের সমাবেশ হয়। অস্কারজয়ী অভিনেত্রী ও অধিকারকর্মী জেন ফন্ডার নেতৃত্বে এই সমাবেশে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করা হয়। ৮৮ বছর বয়সী ফন্ডা বলেন, ভয় ছড়িয়ে পড়লে নীরবতাও বাড়ে, তাই এখনই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বই নিষিদ্ধ করে ইতিহাস মুছে ফেলতে চাইছে এবং শিল্পকলা ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছে। তাঁদের মতে, শিল্পীদের কণ্ঠরোধ এবং ঐতিহাসিক নিদর্শন মুছে ফেলা স্বৈরতন্ত্রের প্রাথমিক লক্ষণ।

প্রবীণ সাংবাদিক জয় রিড ও জিম অ্যাকোস্টা অভিযোগ করেন, বর্তমান সরকার এমন এক শাসনব্যবস্থার মতো আচরণ করছে যেখানে ভিন্নমতের কোনো জায়গা নেই।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংগীতশিল্পী জোয়ান বায়েজ ও ম্যাগি রজার্স গান পরিবেশন করে কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন। জেন ফন্ডা ও জোয়ান বায়েজ মিনেসোটার নো কিংস বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ইরানজুড়ে সরকারপন্থীদের সংহতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে ৮৫০টির বেশি বিক্ষোভ হয়েছে।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এই সংহতির আড়ালে ভিন্নমতাবলম্বীদের ওপর কঠোর দমন-পীড়ন চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ২৭ দিনে প্রায় এক হাজার ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

২৫ মার্চ তেহরানে একটি সরকারবিরোধী মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জন নিহত হন। চলমান যুদ্ধে ইরানে এ পর্যন্ত এক হাজার ৯০০-এর বেশি মানুষ নিহত এবং অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং