গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকেরা ওই এলাকায় একটি মিছিল বের করেন। কিছুক্ষণ পর একই এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী রিয়াজুল হানানের সমর্থকেরাও মিছিল শুরু করেন। এরই মধ্যে বিএনপির একটি নির্বাচনী অফিসে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের জন্য জামায়াত সমর্থিত প্রার্থীকে দায়ী করে বিএনপির প্রার্থী রিয়াজুল হানান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ভোটার স্লিপ সংগ্রহ করছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর একটি মিছিল আমাদের সামনে দিয়ে যাওয়ার পর কোনো উসকানি ছাড়াই কয়েকজন আমাদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। এতে আমাদের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, ‘আমাদের মিছিল শেষ হওয়ার পর কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন। তখন একটি বিশেষ দলের কর্মীরা তাদের রাস্তায় আটকে হুমকি দেয়। পরে আমাদের এক কর্মীর দোকানে ভাঙচুর চালানো হয়।’