কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত হলে পুরোহিত, ইমাম, ছাত্র ও দিনমজুরসহ সাধারণ মানুষের প্রতিনিধিত্বে একটি উপদেষ্টা পরিষদ গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ। এই উপদেষ্টা পরিষদের পরামর্শেই তিনি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আতিক মুজাহিদ বলেন, “আমি এমপি হলে একক সিদ্ধান্তের রাজনীতি করব না। পুরোহিত-ইমাম, ছাত্র-দিনমজুরসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করব। তারা আমার কাজের পরামর্শ দেবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। আমি কুড়িগ্রামের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে চাই।”
রাজারহাটের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কুড়িগ্রামে বর্তমানে মাত্র একটি আন্তঃনগর ট্রেন রয়েছে—‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। দুঃখজনক হলেও সত্য, এই ট্রেনটি এক মিনিটের জন্যও রাজারহাটে থামে না। জনগণ আমাকে দায়িত্ব দিলে, ইনশাআল্লাহ রাজারহাটে কুড়িগ্রাম এক্সপ্রেসের স্টপেজ নিশ্চিত করব।
তিনি আরও বলেন, গতিয়াশাম গ্রাম রক্ষায় তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাজারহাট বাজারে একটি বাইপাস সড়ক নির্মাণ এবং সনাতনী সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের কুড়িগ্রাম-২ আসনের সাবেক মনোনীত প্রার্থী ইয়াছিন আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মো. শাহজালাল সবুজ, রাজারহাট উপজেলা আমীর মো. কফিল উদ্দিন, সেক্রেটারি আহমাদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজারহাট পশ্চিম শাখার সভাপতি মো. সুজন মিয়া, জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল মিয়া, সেক্রেটারি মাসুম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, উপজেলা ছাত্রশক্তির সভাপতি হাসান মেহেদী, খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
জনসভা শেষে ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি বিশাল মিছিল রাজারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।