ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একে একে চারটি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন চারজন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচলে ধীরগতি থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এরপর কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডিলবাহী ট্রাক। এরপর ট্রাকটির পেছনে ধাক্কা দেয় আরও একটি কাভার্ড ভ্যান। এতে ট্রাকে থাকা ৫ টন ওজনের স্টিলের বান্ডিল ছিঁড়ে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়ে। এ সময় রাস্তা পার হতে গিয়ে এক পথচারীসহ আরও দুজন আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পা থেঁতলে যাওয়ায় অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করি এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।