ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার আওতায় বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও মোহাম্মদ এজাজ দুদক কার্যালয়ে উপস্থিত হননি বলেও আবেদনে উল্লেখ করা হয়।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কার কথা উল্লেখ করে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে দুদক আদালতকে অবহিত করে। পরে আবেদন শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।