পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়।
নিহত রানী ওই এলাকার ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের (২২) কাছে পাওনা টাকা দাবি করা নিয়ে শনিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে নজরুল ইসলামের ছেলে আশিক ধারালো ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালান। মাকে বাঁচাতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয়কেও ছুরিকাঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন জানান, আগের কমিটিতে আশিক ওই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, সংগঠন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হবে। তিনি আরও জানান, বর্তমান কমিটিতে আশিক সক্রিয় নন।
ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস