মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হবে। বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও গণমাধ্যমে ভাষণটি সম্প্রচার করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন তিনি।
ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংসদীয় নির্বাচনের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।