সিলেট-৪ আসনে বিএনপির এমপি প্রার্থী আরিফুল হক চৌধুরী কেন্দ্রে আসা নারী ভোটারদের বোরকা খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি তুলে ধরেন।
আরিফুল হক চৌধুরী বলেন, নারী ভোটাররা বোরকা পরেই কেন্দ্রে আসতে পারেন, তবে ভোট দেওয়ার সময় ভেতরে বোরকা খুলে ভোট প্রদান করা উচিত। তাঁর যুক্তি, জাল ভোটের আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যে ভোটের মাঠে এ ধরনের অভিযোগ ছড়িয়ে পড়েছে। সে কারণেই বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
তিনি জানান, সিলেট-৪ আসনটি একটি সীমান্তবর্তী ও দুর্গম এলাকা। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পুলিশের ভুয়া পোশাক তৈরির তথ্য ইতোমধ্যে পাওয়া গেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় এমন অনেক ভোটকেন্দ্র রয়েছে, যেখানে যাতায়াতের ব্যবস্থা সীমিত।
আরিফুল হক চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব দুর্গম কেন্দ্রে কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবিও তিনি জানিয়েছেন।