ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতা ঘটানোর ষড়যন্ত্র চলছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই আন্দোলনে রিয়াজ, আবু সাঈদ ও ওয়াসিম শহীদ হয়েছেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদি ও কেরানীগঞ্জের হাসান মোল্লাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজও সেই একই শক্তি জনগণের ভোটাধিকার হরণে মাঠে নেমেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি দাবি করেন, ঢাকা-২ আসনের ১৪১টি ভোটকেন্দ্রে বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের পরিকল্পনার খবর পাওয়ার কথাও জানান তিনি। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন আমান।
নির্বাচন বানচালের উদ্দেশ্যে বোমা ও অস্ত্র মজুদের অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে উল্লেখ করে আমান উল্লাহ বলেন, এটি একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
সংবাদ সম্মেলনে সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসন ও কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর সময়ে বাবুবাজার–জিনজিরা সেতু নির্মাণ হয়েছে এবং বুড়িগঙ্গার ওপর একাধিক সেতু নির্মাণের মাধ্যমে কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁর আমলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, আটটি কলেজ ও ১৫টি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা এলাকাসহ পুরো ঢাকা-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচিত হলে ঢাকা-২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুমুক্ত করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থার কথাও জানান তিনি।
তিনি বলেন, বিএনপি একটি সাংবাদিকবান্ধব দল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনা হাতে নিয়েছেন। শেষে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।