ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার টবগী রাস্তার মাথা বাজারসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলতে থাকা মোটরসাইকেলটি একটি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সোহাগ নামে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।