শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় নেতা-মেম্বাররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ইসলামীর একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে শ্লোগান দিতে শুরু করলে বাড়ির বিএনপি নেতা মো. আইয়ুব তা রোধ করেন। একপর্যায়ে উত্তেজনা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয় এবং প্রায় অর্ধ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
আহত বিএনপি নেতা মো. আইয়ুব জানান, তিনি সকালে মাঠের কাজে বের হওয়ার সময় জামায়াত কর্মীরা বাড়িতে ঢুকতে চাইলে বাধা দেন। এতে উত্তেজিত হয়ে জামায়াত কর্মীরা বাড়িতে প্রবেশ করতে গিয়ে হামলা চালায় এবং ভাঙচুর চালায়। পরে চিৎকার শুনে পার্শ্ববর্তী বিএনপি কর্মীরা তাকে উদ্ধার করেন।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম বলেন, 'জামায়াতের হামলায় আমাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।'
ভোলার-২ আসনের জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান দাবি করে বলেন, 'চৌকিদার বাড়িতে লিফলেট বিতরণের সময় পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি কর্মীরা হামলা চালিয়েছে। এতে আমাদের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।'