আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নবীনগর পৌর বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ আব্দুল মান্নান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। নবীনগর উপজেলার মানুষ আজ ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এডভোকেট আব্দুল মান্নান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঋণখেলাপিদের পরাজিত করার সুযোগ এসেছে। তিনি নির্বাচিত হলে নবীনগর থেকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করার অঙ্গীকার করেন। একই সঙ্গে অর্থনৈতিক বৈষম্য দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ মানুষের সেবক হিসেবে সব সময় পাশে থাকবেন এবং জনগণের স্বার্থেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, সালাহউদ্দিন ভূইয়া শিশির ও সায়েদুল হক সাইদ। এছাড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল বাকী, মো. মলাই মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।