শরীয়তপুর–৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ঢালীর নেতৃত্বে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু-এর প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে মাসুদ আলমের বাড়িতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ই-লার্নিং অ্যান্ড আর্নিং-এর ব্যবস্থাপনা পরিচালক ও যুব উন্নয়নের সভাপতি মাসুদ আলমের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু’র জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নেতাকর্মীদের ভাষ্যমতে, এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় সংগঠনকে আরও সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু’র নেতৃত্বে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমর্থন ঘোষণার সময় উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু’র দূরদর্শী ও কার্যকর নেতৃত্বে শরীয়তপুর–৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত শরীয়তপুর–৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু। সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সামন্তসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান সরদার, সামন্তসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি কালমা বেপারী, উপজেলা যুব লীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, সাবেক জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম রাব্বানী শাকিল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী, পৌরসভার সাবেক আহ্বায়ক শাহ আলম শেখ ও সাধারণ সম্পাদক রাজন সিকদারসহ ইদিলপুর ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।